রাজধানীর মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। আগুন দেখতে পেয়ে বাসের চালক ও সহকারীরা দ্রুত এগিয়ে আসেন এবং নিজেদের চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন। ফলে আগুন পুরো বাসে ছড়াতে পারেনি।
এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাসের ভেতরের কয়েকটি আসন পুড়ে গেছে — পেছনের দিকের দুটি আসনের ওপরের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর পর বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।
এর এক দিন আগেই, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার নতুন বাজারে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এক দিনের ব্যবধানে দ্বিতীয়বার যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় গণপরিবহনে চলাচলকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: জাগো নিউজ
মিরপুরে বাসে আগুন
সূত্র: জাগো নিউজ




