সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | ঢাকা প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর নিজের ভাষায়, সূত্রসহ Facebook পেজ
বর্ণ টেলিভিশন
প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর নিজের ভাষায়, সূত্রসহ
রাজনীতি ৭ নভেম্বর ২০২৬, ৮:০৮ AM • সূত্র: প্রথম আলো

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর

১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানের মধ্য দিয়ে বন্দী জিয়াউর রহমান মুক্ত হন। দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করছে — আজ সকালে জিয়া উদ্যানে শ্রদ্ধা, বিকেলে নয়াপল্টন থেকে শোভাযাত্রা।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি ঘটনাবহুল ও আলোচিত দিন। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর ভেতরে একের পর এক পাল্টাপাল্টি অভ্যুত্থান ও ক্ষমতার পটপরিবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল বলে ইতিহাসে লেখা আছে। আজ শনিবার দিনটি পালিত হচ্ছে, আর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন একে ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন ব্যাখ্যায় স্মরণ করছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর দেশের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসে। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে সেনাবাহিনীতে ধারাবাহিকভাবে পাল্টাপাল্টি অভ্যুত্থান ঘটতে থাকে। ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। সেই অস্থিরতার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করা হয়। ৭ নভেম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্তি পান।

বন্দিদশা থেকে মুক্তির পর জিয়াউর রহমান আবার সেনাবাহিনীর নেতৃত্বে ফেরেন এবং রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে গুরুত্বপূর্ণ অবস্থান গড়ে তোলেন। ফলে ৭ নভেম্বরের ঘটনা তাঁর রাজনৈতিক উত্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন প্রথম আলোকে দেওয়া বক্তব্যে বলেন, সেদিন বন্দী জিয়াউর রহমানকে সিপাহি-জনতা ও সর্বস্তরের মানুষ এক ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে মুক্ত করে এনেছিল। তাঁর ভাষ্য, দেশের মানুষের আস্থা, ভালোবাসা ও আবেগ ধারণ করেই জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হয়েছিলেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর তিনি দেশে ঐক্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন বলে মাহদী আমিন মন্তব্য করেন।

৭ নভেম্বরের অভ্যুত্থানের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বিপ্লবী সৈনিক সংস্থার নামও জড়িয়ে আছে বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। জাসদ দিনটিকে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে। অন্যদিকে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ কয়েকটি দল ও সংগঠন দিনটিকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করেছিল। বর্তমান জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘সিপাহি-জনতার অভ্যুত্থান’ হিসেবে পালন করছে। আর বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষে দলটি এবার আলোচনা সভা, শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনীসহ সাত দিনব্যাপী কর্মসূচি নিয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে ঐতিহাসিক ৭ নভেম্বরকে জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন ও দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, তাঁবেদারি অপশাসন, দুর্নীতি, নৈরাজ্য ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের সেই কঠিন সময়ে ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পেয়েছিল। রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে পরিচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং জনগণের সমর্থনে তাঁর ওপর রাষ্ট্র পরিচালনা ও জাতীয় সংকট উত্তরণের দায়িত্ব অর্পিত হয়।

রাষ্ট্রপতি আরও বলেন, সিপাহি ও জনতার সংহতির যে চেতনা ৭ নভেম্বরে জেগে উঠেছিল, তা পুনর্জাগরিত হয়েছিল ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে। ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, সশস্ত্র বাহিনীর সদস্যসহ সর্বস্তরের মানুষের ঐক্যের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে বলে তিনি মন্তব্য করেন। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ইতিহাস সাক্ষী যে দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরাজিত অপশক্তি পরে মহাজোটের নামে একজোট হয়ে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। তাঁর ভাষ্য, পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের মাধ্যমে সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা ভূলুণ্ঠিত করা হয়েছিল এবং জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ এবং বীর ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ভবিষ্যতে কেউ যাতে দেশ ও জনগণের অধিকার হরণ করতে না পারে এবং দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। এই অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আজ নানা কর্মসূচি পালন করছে। আজ সকাল সাড়ে আটটায় দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৩টায় দলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তারেক রহমান।

গতকাল শুক্রবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

বিএনপির সাত দিনের কর্মসূচি গত বৃহস্পতিবার শুরু হয়েছে। দলের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও আলোচনা সভা, পোস্টার সাঁটানোসহ নানা কর্মসূচি পালন করছে।

সূত্র: প্রথম আলো

সূত্র: প্রথম আলো

মূল সূত্রে পড়ুন →

আরও পড়ুন — রাজনীতি